বন্ধুকে কুপিয়ে খুন
দি নিউজ লায়নঃ ঈদ উপলক্ষে এলাকায় বসেছিল মেলা। এবং সেই মেলাতেই সার্কাস দেখতে গিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ অপর এক বন্ধুর। তারই জেরে বন্ধুকে চাকু মেরে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো অপর এক বন্ধু ও তার দলবলের বিরুদ্ধে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাটটা গ্রাম পঞ্চায়েতের নাগরাই বাজার এলাকায়। রাতেই রক্তাক্ত ছুরিবিদ্ধ ওই যুবককে তার পরিবারের লোকেরা তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
কিন্তু সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় মৃতের পরিবার হামলাকারী সাদিকুল শেখ সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, করোনা সংক্রমনের মধ্যে বেআইনিভাবে এলাকায় মেলা এবং সার্কাসের আসর বসিয়েছিল অভিযুক্ত সাদিকুল শেখ ও তার দলবল ।
সেখানেই এই হামলার ঘটনাটি ঘটে। তাতেই মৃত্যু হয় বাড়ির ছোট ছেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইয়ারুল সেখ(২২)। তার বাড়ি ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষীপুর গ্রামে। অভিযুক্ত সাদিকুল সেখেরবাড়ি ওই এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment